অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে নিজাম উদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে সোমবার (১১ আগস্ট) একই অভিযোগে নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেন নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১০ আগস্ট দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে একটি ভিডিও এসেছে, যাতে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা চাইতে শোনা যায়। এতে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, রবিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় আন্দোলন বন্ধে ৫ লাখ টাকা দাবি করছেন নিজাম উদ্দিন।
এটি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। গত ৫ জুলাইও এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে নিজাম উদ্দিন তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর পদ থেকে স্থগিত করা হলেও পরে পুনর্বহাল করা হয়।
