অনলাইন ডেস্ক : ফেনীতে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৬ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক আসামিরা হলেন; জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, বিষয়টি এখনও অবগত না। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা আমরা খোঁজখবর নিচ্ছি। তবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিক বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
