স্টাফ রিপোর্টা্র : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পটিয়া বাইপাস করল রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন : জয়নাল আবেদীন (৩৮), মো. ওসমান (৪০), মালেকা আক্তার (৪০), নুসরাত জাহান (২০), রফিকুল ইসলাম (২১), নুর আলম (৩২), রুবি আক্তার (১৯), মো. খলিল (৪০) এবং খালেক (৪৫)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী অরভীল দাশ জানান, ঈগল পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ছিল, আর প্রাইভেটকারটি চট্টগ্রামমুখী।
প্রাইভেটকারটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বিলের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও প্রাইভেটকার উদ্ধার করেছে।
