স্টাফ রিপোর্টার ; চট্টগ্রামের চন্দনাইশে ১২ দিন ধরে নিখোঁজ থাকা তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার বোরন ছড়া এলাকা থেকে তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মিনহাজুর চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়া এলাকার মো. মিজানুল হকের বড় ছেলে এবং জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরে মিনহাজুর। পরে রাত ১০টার দিকে আবার বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে সে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় তার বাবা মো. মিজানুল হক গত ১০ আগস্ট লিখিত অভিযোগ এবং ১৪ আগস্ট সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ওই ছাত্রের বাবা মিজানুল হক বলেন, ‘আমি আমার সন্তানকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। পুলিশি কার্যক্রমের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
