স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকার করেরহাটে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ।
গ্রেফতারকৃতরা হলেন : খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকার মৃত নুরুল আলম মজুমদারের ছেলে মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৭), আনন্দপাড়া গ্রামের বাবুল সূত্রধরের ছেলে সুশান্ত সূত্রধর (৩১) ও রামগড় দারোগাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আলী আজগর লিটন (৩৬)।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে খাগড়াছড়ি জেলা হতে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার করেরহাট এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে র্যাব সদস্যরা ৩জনকে আটক করে হেফাজতে নেয়। পরে তাদের হেফাজতে থাকা সিএনজিচালিত অটোরিকশার ভিতরে ০২টি প্লাস্টিকের বস্তা এবং ০১টি ট্রাভেল ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
