স্টাফ রিপোর্টার ; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে সংবাদ প্রচারের পর সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দেন সিএমপি কমিশনার। এর প্রতিবাদে কঠোর বিবৃতি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বুধবার (২০ আগস্ট) রাতে এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের হুমকি দিতে পারেন না।
সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করলে রাষ্ট্রের স্বার্থেই তাদের কাজে পুলিশকে সহযোগিতা করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের কাজ হলো জনস্বার্থে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করা। দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ প্রচার করা সাংবাদিকদের সাংবিধানিক ও আইনি অধিকার।
সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি কিংবা অপমান গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনশৃঙ্খলার পরিপন্থি।
তারা আরও বলেন, সিএমপির মতো একটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে হুমকিমূলক বক্তব্য ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। নিজেদের অনিয়ম আড়াল করতে ভয়ভীতি দেখিয়ে সংবাদমাধ্যমকে দমন করা যাবে না। যদি কোনো প্রতিবেদনে সত্যতা থাকে, তবে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়াই সঠিক পথ।
সিইউজে নেতৃবৃন্দ হুমকিমূলক বিবৃতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করে দিয়েছেন, অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
